চিত্র: জনেগণের কন্ঠ

বগুড়ার উন্নয়ন অগ্রযাত্রায় নতুন ইতিহাসের সূচনা করেছে নবগঠিত মোকামতলা উপজেলা। এ উপলক্ষে আয়োজিত বিশাল জনসমাবেশ ও মতবিনিময় সভায় মানুষের ঢল নামে মোকামতলা বাসস্ট্যান্ড চত্বরে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
গতকাল সোমবার (১১ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় নবগঠিত মোকামতলা উপজেলা এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী ৫৫ বছরের উন্নয়ন ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সোনাতলা উপজেলা উপহার দিয়েছেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শাজাহানপুর উপজেলা উপহার দেন। আর সেই উন্নয়নের ধারাবাহিকতায় তাদেরই উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা উপজেলা উপহার দিয়েছেন।
তিনি আরও বলেন, জিয়া পরিবার স্বাধীনতার পর থেকেই বগুড়ার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দীর্ঘ ১৮ বছর বগুড়াকে পরিকল্পিতভাবে উন্নয়ন বৈষম্যের শিকার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে নিরলসভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রী বগুড়ার জন্য আন্তর্জাতিক মানের বিমানবন্দর, বিমানঘাঁটি ও পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, আধুনিক ফুটবল স্টেডিয়ামসহ একাধিক বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
মোকামতলা উপজেলা ঘোষণার পর প্রথম সরকারি সফরে প্রতিমন্ত্রীকে ঘিরে পুরো মোকামতলা বন্দর এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অন্তত ৩০ হাজার মানুষের উপস্থিতিতে জনসভা রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। মানুষের চোখেমুখে ছিল আনন্দ, কণ্ঠে ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার স্লোগান।
অনুষ্ঠান শেষে সর্বস্তরের মানুষ ফুল ও ক্রেস্ট দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেন। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আবেগ, উচ্ছ্বাস এবং উন্নয়নের প্রত্যাশায় এক নতুন স্বপ্নযাত্রার বার্তা।
