
নওগাঁয় কারাগার থেকে প্যারোলে মুক্তি নিয়ে মাকে শেষ দেখা দেখতে এলেন ছেলে
মায়ের শেষ মুখ দেখতে প্যারোলে মুক্তিতে এলেন ছেলে
একদিকে কারাগারের শিকল, অন্যদিকে মায়ের নিথর দেহ। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি হয়তো এটাই—যখন একজন সন্তান শেষবারের মতো মাকে দেখতে আসে চোখভরা কান্না নিয়ে।
নওগাঁর ধামইরহাট পৌরসভার ঘাটনগর গ্রামের নরেশ পাহান। একটি মাদক মামলায় গত ২৪ এপ্রিল গ্রেফতার হয়ে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয় তাকে।
কিন্তু সময়ের ব্যবধানে জীবনে নেমে আসে আরও বড় এক শোক। গতকাল ১২ মে মারা যান তার মা। মায়ের মৃত্যুর সংবাদ কারাগারে পৌঁছালে পরিবারের আবেদনের প্রেক্ষিতে শেষবারের মতো মাকে দেখার সুযোগ দিতে প্যারোলে মুক্তি দেওয়া হয় নরেশ পাহানকে।
প্যারোলে মুক্তি পেয়ে বাড়িতে এসে মায়ের নিথর দেহের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
আইনগত প্রক্রিয়া শেষে নির্ধারিত সময় অনুযায়ী আবারও কারাগারে ফিরে যেতে হবে নরেশ পাহানকে। তবে জীবনের এই মুহূর্ত হয়তো সারাজীবন তাড়া করবে তাকে।
