
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল দিবাগত রাতে রামচন্দ্রপুর গ্রামের শুভজিৎ-এর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে শিবগঞ্জ থানা পুলিশ।
অভিযানের একপর্যায়ে মামলার এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির সময় লুণ্ঠিত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় দায়েরকৃত মামলার আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
