
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভারতে মুসলমানদের ওপর উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসন ও নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দর থানা ওলামা পরিষদের উদ্যোগে এবং মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মে শুক্রবার বাদ জুমা সমাবেশে বন্দর ওলামা পরিষদের সভাপতি এম এ কবির হোসেন বলেন, ভারতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হরণ, মসজিদ-মাদরাসায় হামলা এবং নিরীহ মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনা বিশ্ব মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে এসব নির্যাতন বন্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় মুফতি নুরুদ্দিন জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে বলেন, অবিলম্বে কোরবানির মত ধর্মীয় উৎসবকে সর্ব মহলে স্বীকৃতি এবং ভারতের মুসলমানদের ধর্ম পালনে পুরনো স্বাধীনতা প্রদান করতে হবে। অন্যথায় মানবাধিকার লংগনের দায়ে জাতিসংঘ হাউজ ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।
কড়াইবাড়ী মাদ্রাসার পরিচালক মুফতি ফয়জুল্লাহ বলেন, কোরবানি দিতে বাধা প্রদান, কোরবানির পশুর বয়স নিয়ে অযৌক্তিক শর্ত আরোপ এবং কোরবানি আদায়কারীদের ওপর হামলা-নির্যাতনের ঘটনা চরম নিন্দনীয় বলে ক্ষোভ প্রকাশ করেন।
পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল মদনপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি ইব্রাহিম খলিল, মুফতি ইসমাইল হোসাইন, মুফতি আবু সাঈদ, মুফতি সুজাউল ইসলাম, মুফতি হুজাইফা মাহমুদ, আলমগীর হোসেন আপেল, ছাত্রনেতা মিনহাজ ভূঁইয়াসহ স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও নির্যাতিত মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
