
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ তার বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, মাদ্রাসার সব নিয়োগ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নিয়োগ বিধিমালা অনুসরণ করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে।
সম্প্রতি মাদ্রাসাটিতে ল্যাব সহকারী ও কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে দুটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিদর্শকের কার্যালয় থেকে শেরপুর জেলা প্রশাসকের কাছে তদন্তের জন্য একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে মাদ্রাসাটির বিজ্ঞান শাখা ও অনুমোদিত কম্পিউটার ল্যাবের অস্তিত্ব এবং ল্যাব সহকারী ও কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগের বৈধতা যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সরেজমিন তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।
অভিযোগে বলা হয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো ও শর্ত পূরণ ছাড়াই সংশ্লিষ্ট দুটি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সুপার আব্দুস সামাদ।
তিনি বলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটি সরকারি বিধিমালা অনুসরণ করেই গঠন করা হয়েছে এবং নিয়োগ কার্যক্রমও সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়েছে। নিয়োগের সিদ্ধান্ত এককভাবে সুপার নেন না; এটি ম্যানেজিং কমিটির মাধ্যমে সম্পন্ন হয়।
আব্দুস সামাদ বলেন, “নিয়োগে কোনো অনিয়ম থাকলে সংশ্লিষ্টদের সরকারি বেতন-ভাতা অনুমোদন হতো না। সরকারি নিয়ম অনুসরণ করেই নিয়োগ দেওয়া হয়েছে বলেই তারা বর্তমানে বেতন-ভাতা পাচ্ছেন। অভিযোগ ওঠার পর বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকেও যাচাই করা হয়েছে। কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।”
তিনি অভিযোগ করেন, একটি পক্ষ মাদ্রাসার পরিচালনা কমিটিতে যুক্ত হয়ে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমানে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সুপার আরও বলেন, অভিযোগকারীদের মধ্যে ফরজ উদ্দিন ও নূরে আলম সিদ্দিক স্থানীয় বাসিন্দা নন এবং তারা মাদ্রাসাটির কোনো শিক্ষার্থীর অভিভাবকও নন।
তার ভাষ্য অনুযায়ী, ফরজ উদ্দিনের বাড়ি ঝিনাইগাতী উপজেলার রাঙ্গামাটি গ্রামে এবং নূরে আলম সিদ্দিকের বাড়ি শেরপুর সদর উপজেলার তাতালপুর গ্রামে। তাদের কোনো সন্তানও মাদ্রাসাটিতে অধ্যয়ন করে না। ফলে নিজেদের অভিভাবক হিসেবে পরিচয় দেওয়ার কোনো ভিত্তি নেই।
আব্দুস সামাদ দাবি করেন, ফরজ উদ্দিন দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। পরে এলাকাবাসীর চাপে তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে লিখিত অঙ্গীকারও করেছিলেন।
তিনি আরও বলেন, মাহমুদুল হাসান নিজেকে দাতা সদস্যের ছেলে হিসেবে পরিচয় দিলেও মাদ্রাসার রেকর্ড অনুযায়ী যে জমি দানের দাবি করা হচ্ছে, তা এখনো তাদের দখলেই রয়েছে।
মাদ্রাসার সুপারের দাবি, বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৪০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এছাড়া ২০২৫ সালের দাখিল পরীক্ষার ফলাফলে নালিতাবাড়ী উপজেলায় মাদ্রাসাটি সর্বোচ্চ ফল অর্জন করেছে।
তার অভিযোগ, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ অবস্থায় তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে অভিযোগকারীদের দাবি, প্রয়োজনীয় শর্ত পূরণ না করেই মাদ্রাসাটিতে কয়েকটি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
