
শেরপুরের নালিতাবাড়ীতে বন্য হাতি ও মানুষের সংঘাত নিরসন, হাতির আবাসস্থল সংরক্ষণ এবং ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১মে) সকালে উপজেলার মধুটিলা ইকোপার্কে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। তিনি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ এবং মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। হাতির বিচরণপথ ও প্রাকৃতিক আবাসস্থল রক্ষার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বন্য হাতির চলাচল, স্থানীয় জনপদের নিরাপত্তা, ফসল ও সম্পদের ক্ষয়ক্ষতি এবং সংঘাত নিরসনে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য মধুটিলা ইকোপার্কের বন্য হাতির কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে উপজেলার বাতকুচি রাবার বাগান এলাকার পাহাড়ি সড়কের পাশে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘টিম’-এর উদ্যোগে আয়োজিত কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মজিবর রহমান চৌধুরী, ওমর ফারুক এবং ‘টিম’-এর সংগঠক রুকনুজ্জামান সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
