
নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে জুতাপেটার ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে আলী আজম সাব্বিরকে তিন দিনের সময় দেওয়া হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী প্রশিক্ষণার্থী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে।
অভিযোগের জেরে গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা দিয়ে মারেন। এ সময় তিনি নিজের আচরণের জন্য ক্ষমা চান বলে জানা গেছে।
বগুড়া টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান জানান, অভিযোগের পর আলী আজম সাব্বির নিজের দোষ স্বীকার করে কর্তৃপক্ষের কাছে লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, “অভিযোগটি সংগঠনের নজরে আসার সঙ্গে সঙ্গেই তাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তিন দিনের সময় দেওয়া হয়েছে।”
