
শেরপুরের নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সমশ্চুড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে সন্ন্যাসীভিটা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান নির্বাচিত হয়েছেন।
শনিবার (৬ জুন) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা করা হয়। রাত আটটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন সূত্রে জানা গেছে, সমিতির ৩৯৬ জন ভোটারের মধ্যে ৩৭৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সাইফুল ইসলাম ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি সুরুজ্জামান চেয়ার প্রতীকে ১০১ ভোট এবং আমিরুল ইসলাম চাকা প্রতীকে ৯৭ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা বই প্রতীকে ১৬২ ভোট পান।
সমিতির ১২টি পদের বিপরীতে মোট ১৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রার্থী ও ভোটাররা।
