
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে ছয়জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ভাষ্য, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ব্যক্তিদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয় লোকজনের তৎপরতায় তা সম্ভব হয়নি।
শনিবার (৬ জুন) ময়মনসিংহ ৩৯ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির অধীন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ভারতের ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া এলাকায় ছয়জন ব্যক্তিকে এনে সীমান্তের কাছাকাছি রাখা হয়। মানবপাচারকারী চক্রের সহায়তায় কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা ছিল বলে বিজিবির দাবি।
বিজিবি আরও জানায়, আগে থেকেই পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদস্যরা দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে থাকায় পুশইনের চেষ্টা সফল হয়নি।
সম্ভাব্য পুশইনপ্রবণ সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে মাইকিং ও জনসচেতনতামূলক সভাও করা হচ্ছে।
মানবপাচারকারী চক্র ও তাদের সহযোগীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।”
