জনগণের কন্ঠ

বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেনের সম্মানহানি এবং পুলিশ প্রশাসনকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে একটি সাজানো ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। সংবাদে পুলিশের আশ্রয়ে ৫০টি মাদক স্পট পরিচালনা এবং এসআই মনিরের ‘মাসোহারা’ নেওয়ার যে দাবি করা হয়েছে, তাকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। এসআই মনিরের দাবি, মূলত মাদক নির্মূলে তাঁর কঠোর অবস্থানের কারণে কোণঠাসা হয়ে পড়া একটি অসাধু চক্র এই অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে এসআই মনির হোসেন অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, “আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক এবং হাস্যকর। আমি ও আমার টিম মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দিনরাত ঝুঁকি নিয়ে কাজ করছি। যেসব কথিত মাদক স্পটের কথা সংবাদে উল্লেখ করা হয়েছে, সেসবের ভৌগোলিক অবস্থান সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। এই সংবাদের কোনো সুনির্দিষ্ট তথ্য বা ন্যূনতম প্রমাণ নেই। মূলত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমার অবস্থান অত্যন্ত কঠোর হওয়ার কারণে তারাই পরিকল্পিতভাবে আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং আমার কাজের গতি থামাতে এই মিথ্যা তথ্য ছড়িয়েছে।”
অনুসন্ধানে জানা গেছে, এসআই মনির হোসেন বন্দর থানায় যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ী ও তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে বেশ কিছু সফল অভিযান পরিচালনা করেছেন। এতে মাদক সিন্ডিকেটের কোটি কোটি টাকার কারবার ভেস্তে গেছে। পরাজয় নিশ্চিত দেখে এই মাদক ব্যবসায়ীরা এখন কিছু ভুঁইফোড় মাধ্যমকে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এসআই মনির হোসেন এই বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং সত্যতা যাচাই করা প্রতিটি গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। কোনো তথ্য প্রমাণ ছাড়াই একজন নিষ্ঠাবান অফিসারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনা অত্যন্ত দুঃখজনক ও অপরাধমূলক কাজ।” তিনি এই বিভ্রান্তিকর সংবাদের বিষয়ে কোনো প্রকার কান না দিতে এবং অপপ্রচারে বিভ্রান্ত না হতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
