
শিবগঞ্জ উপজেলাতে মাদক বিরোধী অভিযানে ২৮ পিস নিষিদ্ধ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রাসেল (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল শিবগঞ্জ থানার খেউনি বিন্নাচাপর গ্রামের আঃ বাছেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাসেলের বসতবাড়ির একটি পরিত্যক্ত মাটির ঘরে তল্লাশি চালিয়ে ২৮ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিনুজ্জামান শাহীন জানান, মাদকের বিষয়ে কোনো ধরনের সুপারিশ বা আপোষ চলবে না। তিনি বলেন, “মাদক জাতির জন্য একটি মরণব্যাধি। এই ভয়াবহ ব্যাধি যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যেই পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও কঠোরতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
এলাকাবাসী পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
