
শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল গ্রামে গাঁজা সেবনের দায়ে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন চালুঞ্জা রাজবংশী পাড়া গ্রামের শ্রী যাদু চন্দ্রের পুত্র শ্রী মানিক চন্দ্র (২৫)। বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) বিকেলে অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।
শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, মাচইল গ্রামে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ ছিল। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় গাঁজা সেবনের অবস্থায় মানিক চন্দ্রকে হাতেনাতে আটক করা হয়। পরে তিনি অপরাধ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালত পরিচালনার সময় শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাফরের নেতৃত্বে একটি আভিযানিক দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। সাজা শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে বগুড়া জেলা কারাগার-এ প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও মোঃ জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।
এলাকাবাসী প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
