
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার দেউলি ইউনিয়নের কানচগাড়ি মহাশ্মশান, শীতলি মন্দির ও কালি মন্দিরে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার সনাতনী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত মন্দির ও প্রতিমাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ধর্মীয় উপাসনালয় ও প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সনাতনী নেতারা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। তাই প্রশাসনকে দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানা গেছে।
