
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় সম্প্রীতি, সৌহার্দ্য ও দেশীয় মৌসুমি ফলের প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মোকামতলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসানের নেতৃত্বে আয়োজিত এ ফল উৎসবে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
উৎসবে দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের সমাহার ঘটে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মোকামতলা মডেল প্রেসক্লাবের এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ফল উৎসবে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির মৌসুমি ফল উপভোগ করেন এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করেন। অনুষ্ঠানটি মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার সাংবাদিক ও সুধীজনদের মিলনমেলায় পরিণত হয়।
