
বগুড়ার উন্নয়ন বরাদ্দ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জেলার উন্নয়ন প্রকল্পে বরাদ্দের পরিমাণ নিয়ে একদিকে যেমন সমালোচনা দেখা যাচ্ছে, অন্যদিকে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া দীর্ঘদিন ধরে বিভাগ, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে বলে দাবি করে আসছে স্থানীয় জনগণ। বিশেষ করে বগুড়া বিমানবন্দর চালু এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের।
সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ সংক্রান্ত একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, একটি জেলার জন্য প্রায় ২৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও বগুড়া জেলার জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ১৩২ কোটি টাকা। একই তথ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার জন্য ৭৪ কোটি টাকা বরাদ্দের কথাও উল্লেখ করা হয়।
এ তথ্য প্রকাশের পর বগুড়ার বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যের শিকার একটি জেলার জন্য তুলনামূলক কম বরাদ্দ দেওয়া হলেও তা নিয়ে সমালোচনা কেন হচ্ছে। তাদের দাবি, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হিসেবে বগুড়ার উন্নয়ন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
স্থানীয় নাগরিকদের মতে, বিগত কয়েক দশকে বগুড়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়নি। ফলে অবকাঠামো, শিক্ষা ও যোগাযোগ খাতে জেলার প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। এ অবস্থায় যে কোনো উন্নয়ন বরাদ্দকে ইতিবাচকভাবে দেখা উচিত বলে তারা মনে করেন।
তবে বরাদ্দ সংক্রান্ত তথ্যের সত্যতা ও সরকারি নথিপত্র যাচাইয়ের বিষয়েও গুরুত্বারোপ করেছেন অনেকে। তারা বলছেন, উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ নিয়ে বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট তথ্য প্রকাশ করা প্রয়োজন।
এদিকে স্থানীয় উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বগুড়ার দীর্ঘমেয়াদি উন্নয়নের স্বার্থে বিমানবন্দর চালু, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিল্পায়ন এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে বৃহৎ প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বগুড়াবাসীর প্রত্যাশা, আঞ্চলিক বৈষম্য দূর করে উত্তরবঙ্গের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার।
