
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার আমজানি গ্রামে বিধবা মায়ের বসতবাড়ির টিন খুলে নেওয়ার অভিযোগ উঠেছে তারই সেনাসদস্য ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী বৃদ্ধা।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিবুল আলম বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। পারিবারিক বিরোধের জেরে তিনি তার মায়ের বসতবাড়ির টিন খুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। এতে বৃদ্ধা মায়ের বসবাসের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
ভুক্তভোগী বৃদ্ধা তার আবেদনে উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে বসবাস করে আসছেন। সম্প্রতি পারিবারিক দ্বন্দ্বের কারণে তার ছেলে বসতবাড়ির টিন খুলে নেওয়ায় তিনি অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। বর্ষাকালে বসতবাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
লিখিত আবেদনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, ক্ষয়ক্ষতির উপযুক্ত প্রতিকার এবং তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
