
বগুড়া জেলার নবগঠিত মোকামতলা উপজেলার নির্ধারিত কয়েকটি মৌজাকে পৌর এলাকা ঘোষণার অভিপ্রায়ে সরকারি গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার মোকামতলা উপজেলার বিভিন্ন মৌজা ও দাগভুক্ত এলাকাসমূহকে পৌর এলাকা ঘোষণার উদ্যোগ গ্রহণ করেছে।
গেজেট অনুযায়ী মোকামতলা ইউনিয়নের আওতাধীন ভাগলোলা, চকরামচন্দ্রপুর, কাশিপুর, লস্করপুর, লশ্মীপুর, শঙ্করপুর, চাকলমা, মুরাদপুর, মালাহার ও চকপাড়া মৌজার নির্ধারিত দাগসমূহ এ প্রস্তাবিত পৌর এলাকার অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ ঘোষণার বিরুদ্ধে কোনো আপত্তি থাকলে গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের কাছে লিখিত আপত্তি দাখিল করা যাবে। পরবর্তীতে আইন অনুযায়ী উত্থাপিত আপত্তিসমূহ নিষ্পত্তি করা হবে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুন নাহার রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
স্থানীয়দের মতে, পৌর এলাকা ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হলে মোকামতলা অঞ্চলে নগর সুবিধা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক-ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং নাগরিক সেবার মান বৃদ্ধির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। তবে চূড়ান্ত ঘোষণা ও আপত্তি নিষ্পত্তির পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কার্যকর হবে।
