
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসার ইবতেদায়ি প্রধান হিসেবে ২০২৩ সালে নিয়োগ পাওয়া মাওলানা আব্দুল গফুরের নিয়োগ নিয়ে সম্প্রতি অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, নিয়োগের সময় তার বয়স ৪৩ বছর হওয়ায় নিয়োগটি বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মাওলানা আব্দুল গফুর। তিনি দাবি করেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২১ জুন ২০২৩ সালের নির্দেশনা অনুযায়ী তার নিয়োগ সম্পূর্ণ বিধিসম্মত।
আব্দুল গফুর বলেন, ওই নির্দেশনায় উল্লেখ রয়েছে, ইবতেদায়ি প্রধান পদের জন্য এনটিআরসিএ সনদপ্রাপ্ত প্রার্থীদের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বিধি অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে। তিনি দাবি করেন, তিনি এনটিআরসিএ সনদধারী হওয়ায় ওই বিধান অনুসরণ করেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগও অস্বীকার করেন আব্দুল গফুর। তিনি বলেন, “আমি সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছি। কাউকে কোনো টাকা-পয়সা দিইনি। ১২ লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছি—এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। মাদ্রাসার ম্যানেজিং কমিটি, সুপার কিংবা প্রতিষ্ঠানের অন্য কোনো ব্যক্তিকে আমি কোনো ধরনের অর্থ দিইনি।”
এ বিষয়ে কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মো. আব্দুস সামাদ বলেন, আব্দুল গফুরের নিয়োগ শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রচলিত বিধিমালা অনুসারেই সম্পন্ন হয়েছে। তার ভাষ্য, নিয়োগের সিদ্ধান্ত কোনো একক ব্যক্তি নেন না; এটি মাদ্রাসার ম্যানেজিং কমিটির মাধ্যমে সম্পন্ন হয়। তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট সব প্রক্রিয়া সরকারি বিধিমালা অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। তাই নিয়োগ নিয়ে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলো ভিত্তিহীন।
নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ প্রসঙ্গে আব্দুস সামাদ বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অর্থ লেনদেন হয়নি। তিনি দাবি করেন, অভিযোগকারীদের মধ্যে ফরজ উদ্দিন ও নূরে আলম সিদ্দিক মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। তাদের কমিটিতে রাখার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তার দাবি, ওই ব্যক্তিরা কমিটিতে থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে মোটা অঙ্কের অর্থ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তারা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও অপপ্রচার চালিয়ে আসছেন।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের ২১ জুন ২০২৩ সালের নির্দেশনায় বলা হয়েছে, ইবতেদায়ি প্রধান পদের জন্য এনটিআরসিএ সনদপ্রাপ্ত প্রার্থীদের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হবে না। তবে পদের অন্যান্য যোগ্যতা এবং নিয়োগ-সংক্রান্ত বিধান বহাল থাকবে।
