
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১ নং পোঁড়াগাও ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন প্রবাসী সমাজসেবক মো. ওবায়দুল ইসলাম সোহাগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার ব্যক্তিগত জীবন, সামাজিক কর্মকাণ্ড এবং নির্বাচিত হলে বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন।
ওবায়দুল ইসলাম সোহাগ উপজেলার পোঁড়াগাও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের মরহুম আলেপ আলীর ছেলে। তিনি জানান, তাদের পরিবারে সাত ভাই ও পাঁচ বোন। তার ভাইদের মধ্যে রেজাউল মুন্সী পোঁড়াগাও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোহাগ বলেন, ২০০৮ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান। বর্তমানে সেখানে তার একটি মেশিনারি ওয়ার্কশপ রয়েছে। প্রবাসে থাকলেও জন্মভূমির মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, গত সাত থেকে আট বছর ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। এ ছাড়া অসহায় মানুষের চিকিৎসাসহায়তা, খেলাধুলার পৃষ্ঠপোষকতা, কর্দমাক্ত সড়কে বালু ফেলে চলাচলের উপযোগী করা এবং বন্য হাতির আক্রমণপ্রবণ এলাকায় হাতি প্রতিরোধে নিয়োজিত আদিবাসীদের তেল-ডিজেল সরবরাহে সহায়তা করেছেন।
তিনি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোকে আমি দায়িত্ব মনে করি। কোনো অসহায় মানুষ চিকিৎসার জন্য আমার কাছে এলে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করি। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও আমার সহযোগিতা অব্যাহত রয়েছে।”
সোহাগ জানান, তার বাবার স্মৃতিকে ধারণ করে ‘আলেপ আলী ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক ও মানবিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে। তাঁর ভাষ্য, এই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, দরিদ্র মানুষের সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। তাই তিনি ১ নং পোঁড়াগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে চান।
নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি মানুষকে সমান গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেন সোহাগ। তিনি বলেন, সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছ বণ্টন নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করা এবং মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে নিয়ে কাজ করতে চান।
উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সোহাগ বলেন, রাস্তাঘাট, ড্রেনেজ, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও নিরাপদ যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করতে চান। কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, জনগণের মতামতের ভিত্তিতে একটি পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর স্মার্ট ইউনিয়ন গড়ে তুলতে চান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ওবায়দুল ইসলাম সোহাগ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। তাদের ভাষ্য, ধর্মীয় প্রতিষ্ঠান, অসুস্থ মানুষের চিকিৎসাসহায়তা, খেলাধুলা এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে তিনি ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন।
