
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কিশোর-তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও বড় হুমকি। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘মাদক নয়, সুস্থ সমাজ চাই’ স্লোগানে এ সভার আয়োজন করে ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশন।
সভায় সভাপতিত্ব করেন সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। এতে বক্তব্য দেন ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফিরোজ আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমীন লিটন, মালয়েশিয়ান প্রবাসী সমাজসেবক ও বিশিষ্ট দানবীর মো. ওবায়দুল ইসলাম সোহাগ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. রবিউল আলম ইউসুফ, সমাজসেবক সাইফুল ইসলাম, সেন্ট লিও স্কুলের শিক্ষক আব্দুল মান্নান ও আনসার আলী।
ওবায়দুল ইসলাম সোহাগ বলেন, “আজকের কিশোর-তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক, সমাজ ও তরুণদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে একটি মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”
আলোচনা সভায় বক্তারা মাদকের কুফল, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করেন। পরে তাদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি কিশোর ও তরুণদের খেলাধুলা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।
