জনগণের কন্ঠ

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তঃশাখা বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ নারায়ণগঞ্জ শাখার অভ্যন্তরীণ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ জুলাই বুধবার বিকাল ২:৩০ মিনিটে মাদ্রাসার গ্রাউন্ড ফ্লোরে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৫ পারা, ১০ পারা, ১৫ পারা এবং পূর্ণ ৩০ পারা (হিফজ সম্পন্নকারী)—এই ৪ টি গ্রুপের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ বছর নারায়ণগঞ্জ শাখা থেকে সর্বমোট ৭৯ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ৩ টি বুথের বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে ৩০ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়ে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ অর্জন করে।
নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল মোহাম্মদ কবির হোসেন বলেন, এর মূল উদ্দেশ্য আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করা, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য যোগ্য শিক্ষার্থী নির্বাচন, মানসম্পন্ন হাফেজ তৈরি এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা।
এ সময় ভাইস প্রিন্সিপাল নূর হোসেন জানান, এবছর নারায়ণগঞ্জ শাখা আঞ্চলিক পর্যায়ে সকল বিভাগে প্রথম স্থান অর্জন করবে এবং কেন্দ্রীয় পর্যায়ে সর্বোচ্চ মান নিশ্চিত করবে বলে আশা ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কুরআনের প্রতি ভালোবাসা, শুদ্ধ হিফজ এবং প্রতিযোগিতামূলক দক্ষতা আরও বিকশিত হয়। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য হাফেজ তৈরিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
