
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ও আমতলী বাজার এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, চিকিৎসকদের জন্য বরাদ্দকৃত (স্যাম্পল) ওষুধ অবৈধভাবে মজুত রাখা, ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজের তাপমাত্রা নির্ধারিত মান অনুযায়ী বজায় না রাখা এবং ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত মোট ৫টি মামলায় সংশ্লিষ্ট ওষুধের দোকানগুলোকে সর্বমোট ১১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। অভিযানে অভিযোগ দায়ের ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করেন বগুড়া জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তা জেসমিন বেগম।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অভিযানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শিবগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত ওষুধ বিক্রি নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
