জনগণের কন্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী কাঁচপুর সামাজিক কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে বাউন্ডারি ওয়াল নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন কবরস্থান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। তাদের অভিযোগ, কবরস্থানের পশ্চিম পাশে বাউন্ডারি ওয়াল ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় অসাধু ব্যক্তিদের অবাধ যাতায়াতের সুযোগ সৃষ্টি হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কবরস্থান পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোমেন খান বলেন, কবরস্থানের মূল ফটক ও সার্বক্ষণিক খাদেম থাকলেও পশ্চিম পাশে বাউন্ডারি ওয়াল না থাকায় রাতের আঁধারে মাদকসেবীরা সহজেই সেখানে প্রবেশ করে মাদকসেবন করে। এছাড়া চোর, পরিবহন ডাকাত ও ছিনতাইকারীরা বিভিন্ন অপরাধ সংঘটিত করে কবরস্থানে প্রবেশ করে আত্মগোপন করে বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তাদের শনাক্ত ও আটক করতে বেগ পেতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রহিম স্টিল মিলসের দক্ষিণ পাশে এবং একটি মসজিদের পেছনে অবস্থিত কাঁচপুর সামাজিক কবরস্থানটি দীর্ঘদিন ধরে কাঁচপুর ইউনিয়নের খানবাড়ি, কাঁচপুর পুরান বাজার, উত্তরপাড়া, রায়েরটেক, নয়াবাড়ি, পাঁচপাড়া, খাসপাড়া, পাঠাত্তা ও আশপাশের কয়েকটি সমাজের উদ্যোগে পরিচালিত হয়ে আসছে।
তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক স্থাপনার উন্নয়নে সংসদ সদস্যের বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। তাই কবরস্থানের সার্বিক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং শৃঙ্খলা নিশ্চিত করতে পশ্চিম পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ, পর্যাপ্ত আলোকসজ্জা স্থাপনসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয় বাসিন্দাদেরও দাবি, কবরস্থানের নিরাপত্তা জোরদার করা হলে একদিকে যেমন ধর্মীয় পরিবেশ রক্ষা পাবে, অন্যদিকে অপরাধপ্রবণতা কমিয়ে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
