
চুয়াডাঙ্গা শহরের বড়বাজার চৌরাস্তা এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গাছের চারা রোপণকে কেন্দ্র করে একদিকে প্রশংসা, অন্যদিকে প্রতিবাদ করেছেন ফুটপাতের ব্যবসায়ীরা।
সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় অর্ধশত দোকান ও স্থাপনায় গত ৪ আগস্ট উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন ও পৌরসভা। প্রশাসনের দাবি, এসব স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে যানজট ও পথচারীদের ভোগান্তি তৈরি হচ্ছিল।
এরপর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উচ্ছেদ করা জায়গায় তিন সারিতে আমগাছের চারা রোপণ করে সি অ্যান্ড বি। বাঁশের খুঁটি দিয়ে চারাগুলো ঘিরেও দেওয়া হয়। এতে স্থানীয় অনেকেই প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।
তবে একই দিন দুপুরের পর থেকে এর প্রতিবাদে হাসান চত্বরে মানববন্ধন ও সড়কে অবস্তান নেয় ফুটপাতের ব্যবসায়ীরা। এসময় চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে ব্যবসায়ীরা তাদের দাবি আদায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিভিন্ন স্লোগান দেন।
ব্যবসায়ীরা বলেন, ২০ থেকে ২৫ বছর ধরে তারা সেখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। পুনর্বাসন ছাড়া দোকান উচ্ছেদ করায় পরিবার নিয়ে তারা অনিশ্চয়তায় পড়েছেন।
ব্যবসায়ীদের দাবি, দ্রুত উপযুক্ত স্থান বরাদ্দ দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে প্রশাসনের লক্ষ্য-শহরকে দখলমুক্ত রাখা, যানজট কমানো এবং পরিবেশের সৌন্দর্য বাড়ানো।
