
বগুড়ার শিবগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর উপজেলার দেওয়ানতলা মাজার মসজিদে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তারা তাঁর রাজনৈতিক অবদান ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন।
দোয়া শেষে মসজিদ প্রাঙ্গণে দুঃস্থ, অসহায় ও নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
