
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এলাকার রাস্তাঘাট পরিদর্শন করেছেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে তিনি পৌরসভার বিভিন্ন গ্রাম ও মহল্লায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তাদের কথা শোনেন।
পরে তিনি স্থানীয় বিভিন্ন সড়ক ও রাস্তাঘাট পরিদর্শন করেন। এ সময় কয়েকটি সড়কের বেহাল অবস্থা, চলাচলে দুর্ভোগ এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো স্থানীয়দের কাছ থেকে অবহিত হন।
খালিদ হাসান আরমান বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানা এবং সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই তার লক্ষ্য। শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার ও নাগরিকসেবা আরও গতিশীল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
