
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল্লাহকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এ–সংক্রান্ত একটি চিঠি মো. আবদুল্লাহর কাছে পাঠানো হয়েছে। চিঠিতে সংগঠনের সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাক্ষর করেন।
চিঠিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক প্রধান উপদেষ্টা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপির পরামর্শক্রমে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মো. আব্দুল্লাহকে কেন্দ্রীয় সহসভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, মো. আব্দুল্লাহ তার মেধা, শ্রম, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন—এমন প্রত্যাশা সংগঠনের। একই সঙ্গে সংগঠন-সংশ্লিষ্ট স্বার্থবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
চিঠির শেষাংশে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
২নং নন্নী ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আব্দুল্লাহ মেম্বার এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। স্থানীয় বিভিন্ন বিরোধ ও পারিবারিক বিষয় নিয়ে সালিশ-বিচারে তিনি অংশ নেন এবং মানুষের সমস্যা সমাধানে সহযোগিতা করার চেষ্টা করেন বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসীর ভাষ্য, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সামাজিক বিভিন্ন বিষয়ে তার সক্রিয় ভূমিকা রয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্থানীয় পর্যায়ে মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়ে সহযোগিতা করে থাকেন।
আব্দুল্লাহ মেম্বার নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দলীয় পর্যায়েও তিনি তার দায়িত্ব পালন করে আসছেন বলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান।
দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ মেম্বার জনগণের কণ্ঠকে বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”
মো. আব্দুল্লাহ নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
