
পুরোনো বন্ধুত্বের টান, স্মৃতিচারণ আর একসঙ্গে কিছুটা সময় কাটানোর আনন্দে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীতে অনুষ্ঠিত হয়েছে বন্ধুদের মিলনমেলা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বন্ধুদের নিয়ে এ মিলনমেলার আয়োজন করেন নালিতাবাড়ী উপজেলা যুবদলের সদস্য মো. শাহীন আলম। এতে বিভিন্ন স্থান থেকে বন্ধুরা একত্রিত হয়ে আনন্দ-আড্ডা, গল্প ও খাওয়া-দাওয়ায় অংশ নেন।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, কর্মজীবন ও নানা ব্যস্ততায় বন্ধুরা এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখতে বিভিন্ন সময় একেকজন বন্ধুর উদ্যোগে একেকটি স্থানে এমন আয়োজন করা হয়। কখনো শেরপুরের এক এলাকায়, আবার কখনো অন্য কোনো স্থানে—বন্ধুত্বের টানে সবাই একত্রিত হন।
অংশগ্রহণকারীরা বলেন, এসব আয়োজনের মূল উদ্দেশ্য শুধু খাওয়া-দাওয়া নয়; বরং দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা করা, পুরোনো দিনের স্মৃতি মনে করা এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা।
এবারের আয়োজনের উদ্যোক্তা মো. শাহীন আলম বলেন, ব্যস্ততার কারণে সবাই সবসময় একসঙ্গে হতে পারেন না। তাই সুযোগ পেলেই বন্ধুদের একত্রিত করে কিছুটা সময় আনন্দ-আড্ডায় কাটানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
ব্যস্ত জীবনের ফাঁকে বন্ধুত্বের টানে এমন মিলনমেলা বারবার ফিরে আসুক—এমন প্রত্যাশাই অংশ নেওয়া বন্ধুদের।
