
নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণবিরোধী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে অতিরিক্ত ও অননুমোদিত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে চারটি যানবাহনের চালককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যানবাহনগুলো থেকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়।
অভিযানকালে নির্ধারিত মানমাত্রার চেয়ে অতিরিক্ত ও অননুমোদিত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে চারটি পরিবহনের চালকের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট যানবাহনগুলো থেকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পরে জব্দ করা হর্নগুলো ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে চালক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানের সার্বিক নিরাপত্তায় নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ ও পরিবেশ দূষণ প্রতিরোধে জেলাজুড়ে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের এমন অভিযান শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
