
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে আলোর মুখ দেখেছে নওগাঁর ধামইরহাট উপজেলার হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পরিবার। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে যাওয়া এই মেধাবী শিক্ষার্থীর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ধামইরহাট পৌর শাখার সভাপতি আবির হাসান মিলন।
সংবাদ প্রকাশের মাধ্যমে সাবিরা আক্তারের পরিবারের অসহায়ত্ব ও শিক্ষাজীবনের নানা প্রতিবন্ধকতার বিষয়টি সামনে আসে। বিষয়টি নজরে আসার পর মানবিক দৃষ্টিকোণ থেকে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন আবির হাসান মিলন।
সহায়তা পেয়ে সাবিরা ও তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দারিদ্র্যের কারণে পড়াশোনা চালিয়ে নেওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই সহযোগিতা তাদের নতুন করে আশাবাদী করেছে।
স্থানীয়রা বলেন, সমাজের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে তাদের শিক্ষাজীবনের বাধা অনেকটাই দূর করা সম্ভব। সাবিরার মতো মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলে ভবিষ্যতে তারা সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সাবিরার পরিবারের পাশে দাঁড়ানোয় আবির হাসান মিলনকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর একজন অসহায় শিক্ষার্থীর পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া নিঃসন্দেহে একটি মানবিক উদ্যোগ।
