আনোয়ার উল্লাহ শরীফ
জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত আহত ১৫ জন ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার ওমরপুর ইউনিয়নের ব্যাপারী বাড়িতে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে সানু ও হাসনাত ব্যাপারীর গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটেছে।
আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- সবুজ,তানজিম, কবির, বিলকিস, মোরশেদা, রুহুল আমিন, হাসনাইন, নজরুল, খালেদা, মমতাজ, আফনান,লিমা, লিপি, মিনারা, আবুল হাসনাত। এরা সকলেই আত্মীয়-স্বজন ও একই বাড়ির বাসিন্দা।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,আহতদের মধ্যে সবুজ ও রুহুল আমিনের মাথায় গুরুতর আঘাত রয়েছে।
জানা যায়, তাদের মাঝে আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে সানু ও হাসনাত ব্যাপারীর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষ প্রায় ২৫ থেকে ৩০ মিনিট ধরে চলতে থাকে।
চরফ্যাশন থানার ওসি জানান, আমাদের কাছে উভয়পক্ষের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনগণের কণ্ঠ.কম