Oplus_131072
তাওহিদুজ্জামান রোমান
শেরপুর জেলা প্রতিনিধি │ জনগণের কন্ঠ
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযানে মানব পাচারকারী চক্রের দুই সদস্যসহ পাঁচ অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর নকশী বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত মানব পাচারকারীরা হলেন— নালিতাবাড়ী উপজেলার বরুঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪) এবং পোড়াগাঁও গ্রামের আসমত আলীর ছেলে রাসেল মিয়া (১৬)।
অন্যদিকে আটক অনুপ্রবেশকারীরা নড়াইল জেলার কালিয়া থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন— শামীম শেখ (২৩), আফসানা খানম (২২), রুমা বেগম (৩২), মিলিনা বিশ্বাস (২৮) এবং তার তিন বছরের শিশু সন্তান কাসেম বিশ্বাস। এদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত ২৩ আগস্ট রাতে মানব পাচারকারীরা ২০ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তা করে। পরে নিরাপত্তাহীনতার কারণে পুনরায় বাংলাদেশে ফেরার সময় সীমান্তে আটক করা হয়।
এ ঘটনায় আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান বলেন, দেশের আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে।