
শেরপুরের নালিতাবাড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন ১ নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর রহমান চৌধুরী। সভায় তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে মজিবর রহমান চৌধুরীর নিজ বাড়ির আঙিনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একই গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর রহমান চৌধুরী। এ সময় ডাক্তার মীর কাশিম, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, আব্দুল হামিদ, ফজলুল হক, ইব্রাহিম, সুজা উদ্দিন, শমশের আলী, ইমরুল দেওয়ান, রুহুল আমীন, রমেশ কোচ, রহমত আলী, আজিজুল হক, ফারুক হোসেন ও স্বপন মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
সভায় ১ নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীর পাশাপাশি দুই সহস্রাধিক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মজিবর রহমান চৌধুরী নিজেকে ১ নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। পরে উপস্থিত লোকজন হাত তুলে তাকে সমর্থন জানান।
বক্তব্যে মজিবর রহমান চৌধুরী বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবেন। ইউনিয়নের যেসব কাঁচা রাস্তাঘাট রয়েছে, সেগুলো দ্রুত পাকাকরণের আশ্বাস দেন তিনি।
এ ছাড়া ইউনিয়ন ভূমি অফিস স্থাপন, বেকার সমস্যা সমাধানে চেল্লাখালী নদী থেকে বালু ইজারার মাধ্যমে উত্তোলন, ফ্যামিলি কার্ড বিতরণ ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার কথা বলেন মজিবর রহমান চৌধুরী। এসব কাজ বাস্তবায়নে তিনি সবার সমর্থন কামনা করেন।
