
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে অনুমোদিত কমিটি বহাল থাকার দাবি করে নতুন কমিটি গঠনের অভিযোগে শেরপুরে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ওলামা দলের একাংশের নেতাকর্মীরা।
গত ১৩ আগস্ট জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা এককভাবে শেরপুর জেলা ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করেন বলে অভিযোগ করেন সংগঠনটির জেলা পর্যায়ের নেতারা। এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলায় সাংগঠনিক সফর শেষে মধুটিলা ইকোপার্ক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফরহাদ আলী ও সদস্যসচিব এইচএম আরিফ হাসান টুটুলের নেতৃত্বে আয়োজিত সমাবেশে জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা সোলায়মানসহ উপজেলা ওলামা দলের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে অনুমোদিত কমিটি বহাল থাকা অবস্থায় এককভাবে নতুন কমিটি ঘোষণা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। তারা ওই কমিটি ঘোষণার প্রতিবাদ জানান এবং আগের অনুমোদিত কমিটি বহাল রাখার দাবি করেন।
বক্তারা আরও বলেন, সাংগঠনিক নিয়ম ও গঠনতন্ত্র অনুসরণ করে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
