
বগুড়ার শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। এ সময় তার কাছ থেকে ট্যাপেন্টাডলযুক্ত ট্যাপাল ট্যাবলেট, গাঁজা, নগদ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বানাইল গ্রামের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে মীর মোঃ মিজানুর রহমান হেমলেট (৬৪) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মীর মোঃ মিজানুর রহমান হেমলেট বানাইল গ্রামের মৃত মীর কাশেমের ছেলে। অভিযানে তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের প্লাস্টিকের বক্সের মধ্যে রাখা একটি পলিথিন থেকে ট্যাপেন্টাডলযুক্ত ‘ট্যাপাল’ নামের ১০০ পিস ট্যাবলেট এবং একটি কালো পলিথিন থেকে ২০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদক বিক্রির মাধ্যমে অর্জিত ২ হাজার ৫০০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত সিমসহ দুটি সিম্ফনি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
