
বগুড়ার শিবগঞ্জে এক মেধাবী শিক্ষার্থীর একান্ত প্রচেষ্টায় গড়ে ওঠা জেআর অ্যাকুরিয়াম ফিস ফার্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি গত চার বছর ধরে নিজ উদ্যোগে ফিস ফার্ম পরিচালনা করে আসছেন শিক্ষার্থী ও উদ্যোক্তা জোবায়ের রিফাত।
বুধবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার নবগঠিত আমতলী বড়বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে জেআর অ্যাকুরিয়াম ফিস ফার্মের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন, উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু, সমবায় কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাসুদ রানা মাসুম ও যুবদল নেতা আবু শাহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী সোহেল রানা, রবিউল ইসলাম, ফিরোজ আহম্মেদ ও এলাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার নবগঠিত আমতলী বড়বাজার গ্রামের জাহিদ হোসেনের ছেলে মেধাবী শিক্ষার্থী জোবায়ের রিফাত লেখাপড়ার পাশাপাশি নিজের বাড়ির পাশে প্রায় চার বছর আগে মাছ চাষের এ উদ্যোগ শুরু করেন। ধীরে ধীরে তার উদ্যোগটি পরিসর বৃদ্ধি পেয়ে বর্তমানে একটি পূর্ণাঙ্গ অ্যাকুরিয়াম ফিস ফার্মে রূপ নিয়েছে।
জেআর অ্যাকুরিয়াম ফিস ফার্মে বর্তমানে বিভিন্ন প্রজাতির শৌখিন মাছের চাষ ও প্রজনন করা হচ্ছে। এর মধ্যে কৈকাফ, কমেট, মলি, গাপ্পি, গোল্ডফিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। অ্যাকুরিয়ামে এসব মাছের পরিচর্যা ও চাষাবাদের পাশাপাশি স্থানীয়ভাবে শৌখিন মাছপ্রেমীদের কাছে সরবরাহের উদ্যোগও নেওয়া হয়েছে।
শিক্ষার্থী ও ফার্মের পরিচালক জোবায়ের রিফাত বলেন, “লেখাপড়ার পাশাপাশি গত চার বছর ধরে একান্ত প্রচেষ্টায় জেআর অ্যাকুরিয়াম ফিস ফার্ম পরিচালনা করে আসছি। শুরুতে ছোট পরিসরে কাজ শুরু করলেও বর্তমানে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে কাজ করছি। ভবিষ্যতে ফার্মটিকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”
স্থানীয়রা জানান, লেখাপড়ার পাশাপাশি একজন শিক্ষার্থীর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি এবং বেকারত্ব কমাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জোবায়ের রিফাতের এ উদ্যোগ অন্য শিক্ষার্থী ও তরুণদেরও আত্মকর্মসংস্থানে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
