
নালিতাবাড়ীতে অর্থ ফেরত ও বিচারের দাবি ভুক্তভোগীর, আদালতে মামলা নিয়ে মিজানুর রহমানের প্রশ্ন
শেরপুরের নালিতাবাড়ীতে জাপানপ্রবাসী এক তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ এবং এ ঘটনায় তাকে সহায়তা করতে গিয়ে নিজের বিরুদ্ধে মামলা হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী শহরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ তুলে ধরেন। এ সময় জাপান থেকে মুঠোফোনে যুক্ত হয়ে অভিযুক্ত ব্যক্তির বিচার ও দেওয়া অর্থ ফেরত পাওয়ার দাবি জানান ভুক্তভোগী তরুণী।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান অভিযোগ করেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসিন্দা জান্নাতুল নাঈম নামের এক বিবাহিত মুসলিম যুবক ফেসবুকে ‘অন্ত সরকার দ্রুব’ নাম ব্যবহার করে নিজেকে হিন্দু ও অবিবাহিত পরিচয় দেন। এ পরিচয়ে তিনি নোয়াখালীর এক হিন্দু তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই তরুণীর কাছ থেকে একটি আইফোন ও বিভিন্ন সময়ে প্রায় ১৮ লাখ টাকা নেন বলে অভিযোগ করেন তিনি।
মিজানুর রহমানের ভাষ্য, একপর্যায়ে আরও পাঁচ লাখ টাকা না দিলে বিয়ে করবেন না বলে জান্নাতুল নাঈম জানালে ওই তরুণীর সন্দেহ হয়। পরে জাপানপ্রবাসী আরিফুল ইসলামের মাধ্যমে তার বড় ভাই মিজানুর রহমানের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এরপর প্রতিকারের আশায় তরুণী তার সঙ্গে যোগাযোগ করেন।
মিজানুর রহমান বলেন, ওই তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলে জান্নাতুল নাঈমকে নালিতাবাড়ীতে ডেকে আনা হয়। পরে তাকে নিয়ে একটি সালিস বৈঠকে বসেন তারা। বৈঠকে জান্নাতুল নাঈম নিজের দোষ স্বীকার করে নেওয়া অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে দাবি করেন তিনি।
তবে পরবর্তী সময়ে জান্নাতুল নাঈম শেরপুর আদালতে তার বিরুদ্ধে মামলা করেন বলে অভিযোগ করেন মিজানুর রহমান। মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তিনি এর প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে মুঠোফোনে যুক্ত হয়ে ভুক্তভোগী তরুণীও তার সঙ্গে হওয়া প্রতারণার বিচার এবং দেওয়া অর্থ ফেরত পাওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জান্নাতুল নাঈমের বক্তব্য পাওয়া যায়নি। তবে মিজানুর রহমানের বিরুদ্ধে শেরপুর আদালতে করা মামলায় নাঈম অভিযোগ করেছেন, তাকে মারধর করে তার মোটরসাইকেল, আইফোন ও নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া তার ডেবিট কার্ড ও ড্রাইভিং লাইসেন্সও নেওয়ার অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় করা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
