
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে দুটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওবায়দুল ইসলাম সোহাগ। এর একটি নির্মাণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা হাছেনের বাড়িসংলগ্ন রাস্তার খালের ওপর, অন্যটি বাতকুচি থেকে আটভাইপাড়া গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে চেল্লাখালী নদীর ওপর।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাঁকো না থাকায় শিক্ষার্থী, কৃষক, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এসব পথে চলাচলে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠত।
সাঁকো দুটি নির্মাণের পর এলাকাবাসী বলছেন, এখন শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষকদের মাঠে যাওয়া এবং জরুরি প্রয়োজনে রোগীদের চলাচল অনেকটাই সহজ হবে। তাদের মতে, দীর্ঘদিনের একটি বাস্তব সমস্যার সমাধানে এই উদ্যোগ স্বস্তি এনে দিয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী ও আলেফ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মালয়েশিয়া প্রবাসী ওবায়দুল ইসলাম সোহাগ বলেন, “মানুষের সুখে-দুঃখে পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি আমার নৈতিক অঙ্গীকার। এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের কষ্টের কথা ভেবেই নিজ অর্থায়নে এই দুটি বাঁশের সাঁকো নির্মাণ করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।”
স্থানীয়দের প্রত্যাশা, সাঁকো দুটি পোড়াগাঁও ইউনিয়নের দুই এলাকার মানুষের দৈনন্দিন চলাচল আরও সহজ করবে এবং জনদুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
