শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ২
মো: গোলাম রব্বানী তালুকদার শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে রংপুর-ঢাকা মহাসড়কের মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পুলিশের সদস্যরা দুটি পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। এসময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— লালমনিরহাট জেলার মোঃ জিয়াউল হক (২২) এবং কুড়িগ্রাম জেলার মোঃ পারভেজ (৪০)।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, দীর্ঘদিন ধরেই মহাসড়ক ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন এলাকায় গাঁজা ও ফেনসিডিল সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় এলাকাবাসী জানান, পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে যাতে এলাকায় মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করা যায়।
পুলিশ প্রশাসন জানিয়েছে, শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।