জনগণের কন্ঠ.কম রাণীনগর থানা প্রতিনিধি:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আশাদুল ওরফে বিয়া (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ ভোরে (১১ অক্টোবর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশাদুল উপজেলার কোলা পালশা গ্রামের আব্দুলের ছেলে।স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জগৎনগর গ্রামে ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে আসাদুলসহ ৫ থেকে ৬ জন ডাকাতি করতে যায়। পরিবারের সদস্যরা টের পেয়ে ডাকাতদের আটকের চেষ্টা করে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও আশাদুলকে আটক করে হাত-পা বেঁধে মারধর করা হয়। এ সময় আশাদুল গণপিটুনিতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।