মো: গোলাম রব্বানী তালুকদার, শিবগঞ্জ,(বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শিবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত যুবক ফাহিম (২২) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফাহিম শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর পাগলাপাড়া গ্রামের আজিজার রহমান খোকার একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ফাহিম মোটরসাইকেলযোগে গুজিয়া থেকে বড়াইলের দিকে যাচ্ছিলেন। পথে মেদিনীপাড়ার হোমিও চিকিৎসক লুৎফরের বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটির টানার তার রাস্তার মাঝখানে থাকায় তিনি সেটিতে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।