0-0x0-0-0#
মো: গোলাম রব্বানী তালুকদার, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলার উথলী বাজারে নাগরিক ঐক্যের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না এক জনসমাবেশে অংশ নিয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সোমবার সন্ধ্যায় আয়োজিত এ সমাবেশে স্থানীয় জনগণের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, সাধারণ মানুষের কণ্ঠস্বরকে দমিয়ে রাখা হচ্ছে। দুর্নীতি ও লুটপাটে দেশ জর্জরিত। এই অবস্থার পরিবর্তন চাইলে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, যেখানে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, যেখানে যুব সমাজ কর্মসংস্থান পাবে, কৃষক তার ন্যায্যমূল্য পাবে এবং মেহনতি মানুষ মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। এজন্য দুর্নীতি ও দমননীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
সমাবেশে বক্তৃতার পাশাপাশি নাগরিক ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তারা বলেন, মান্নার নেতৃত্বে দেশবাসী নতুন আশার আলো দেখছে। দেশের সংকট নিরসনে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে একমাত্র পথ।
উথলী বাজারে অনুষ্ঠিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী, ব্যবসায়ী, ছাত্র-যুবকসহ সাধারণ জনগণের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়। সমাবেশকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর উথলী বাজারে এমন একটি প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হলো।