Oplus_131072
তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক | জনগণের কন্ঠ
শেরপুর শহরের এভার কেয়ার হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর আশা আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আশা আক্তার শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকার বাসিন্দা এবং শহরের এক কসমেটিক দোকানের মালিক জাহিদ হোসেনের স্ত্রী।
স্বজনদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় আশা আক্তারকে সিজার অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে চিকিৎসক লুৎফর রহমান তার অস্ত্রোপচার সম্পন্ন করেন এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু অপারেশনের কিছুক্ষণের মধ্যেই আশার অবস্থার অবনতি হয়। স্বজনদের দাবি, তারা চিকিৎসকদের একাধিকবার জানানোর পরও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তিনি মারা যান।
এ ঘটনায় বিকেল ৪টার দিকে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।