মোঃ গোলাম রব্বানী তালুকদার শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গড়িয়ারপাড়া ৭নং ওয়ার্ডে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধের অবসান ঘটেছে আদালতের রায়ের মাধ্যমে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জাবেদ আলী বেপারীর পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। পরিবারের বড় ছেলে মো. আমজাদ বেপারী ওই সম্পত্তি নিজের দখলে রেখে আসছিলেন, যা নিয়ে ছোট ভাই জামাল মিয়ার সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়।
এ নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত জামাল মিয়ার অনুকূলে রায় দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী সম্প্রতি জামাল মিয়া আদালতের রায় ও কাগজপত্র হাতে নিয়ে সংশ্লিষ্ট জমির দখল গ্রহণ করেন।
দখল কার্যক্রমের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বগুড়া জজকোর্টের অ্যাডভোকেট কমিশনার (সার্ভেয়ার) মো. নুরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।