নওগাঁ সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে পৌর শহরের মুক্তির মোড় এলাকায় সাকিব পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তোতা (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার পিতা মোঃ ইসা হক, বাড়ি উপশেরপুর, নওগাঁ সদর।
এসময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২৫০ এমএল কোমল পানীয়ের বোতলে রাখা মোট ২০০টি বোতল জব্দ করা হয়, যার মধ্যে আনুমানিক ৫০ লিটার চোলাই মদ ছিল।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৌশলে কোমল পানীয়র বোতলে চোলাই মদ ভরে বিক্রি করে আসছিলেন। এতে সাধারণ মানুষের কাছে বিষয়টি আড়াল থাকে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকেও ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।