
২২ দিনের ব্যবধানে বগুড়ায় ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী স্বপ্ল সময়ের ব্যবধানে আবারও একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সফরে সরগরম হয়ে উঠছে বগুড়া। মাত্র ২২ দিনের ব্যবধানে জেলায় ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর আগমন ঘটেছে। এরই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার (৭ মে) একদিনেই আরও চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রী সরকারি সফরে বগুড়া আসছেন।
সরকারি সূত্রে জানা গেছে, এদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংশ্লিষ্ট সচিব ফাহমিদা আখতার আকাশপথে বগুড়ায় পৌঁছাবেন। তাদের এই সফরের মূল উদ্দেশ্য হলো দীর্ঘদিনের প্রত্যাশিত বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই করা।
সফরকালে তারা সম্ভাব্য বিমানবন্দর এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন এবং দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করবেন। একই সঙ্গে বগুড়ায় একটি ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যেখানে ভবিষ্যতে পাইলট প্রশিক্ষণের সুযোগ তৈরি হতে পারে।
অন্যদিকে, একই দিন সকাল ৯টায় বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। এতে ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরিমার্জন নিয়ে আলোচনা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।
বগুড়ার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এই সফর মূলত বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাবনা যাচাই ও সংশ্লিষ্ট পরিকল্পনা চূড়ান্ত করার অংশ। পাশাপাশি শিক্ষামন্ত্রীর কর্মশালায় অংশগ্রহণও নিশ্চিত হয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনের ব্যবধানে বগুড়া সফর করেন আরও চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রী। তাদের মধ্যে ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ঘন ঘন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এই সফরকে ঘিরে বগুড়াবাসীর মধ্যে উন্নয়ন প্রত্যাশা বাড়ছে। বিশেষ করে বিমানবন্দর চালু ও ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন বগুড়াবাসী।
