
মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন
প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মোটরসাইকেল চালক ও বাইকাররা। রবিবার (১৭ মে) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মোটরসাইকেল এখন শুধু শখের বাহন নয়, বরং অনেকের জীবিকা ও দৈনন্দিন চলাচলের প্রধান মাধ্যম। বিশেষ করে রাইড শেয়ারিং, ডেলিভারি সার্ভিস, ক্ষুদ্র ব্যবসা এবং চাকরিজীবীদের বড় একটি অংশ মোটরসাইকেলের ওপর নির্ভরশীল। এ অবস্থায় নতুন করে অগ্রিম আয়কর আরোপ সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে তারা মন্তব্য করেন।
বক্তারা বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে মোটরসাইকেলের ওপর নতুন কর আরোপ করা হলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারা অবিলম্বে প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বাইকার বলেন, মোটরসাইকেল ক্রয়ের সময়ই বিভিন্ন ধরনের কর ও ফি পরিশোধ করতে হয়। এরপর প্রতি বছর নতুন করে অগ্রিম আয়কর আরোপ করা হলে তা সাধারণ চালকদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে।
