
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় পুকুর থেকে আশিক(১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ মে) রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার দেউলী ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশিক ওই গ্রামের সুধু চন্দ্র বর্মনের ছেলে। তিনি স্থানীয় হযরত আয়েশা কৃষি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে ওই খামারে কাজ করতেন আশিক। মাঝেমধ্যে রাতে খামারেই থাকতেন তিনি। শনিবার রাত সাড়ে ৮টার দিকে খামারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরদিন সকালে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খামারসংলগ্ন একটি পুকুরে আশিকের মরদেহ ভাসতে দেখা যায়। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।”
তিনি আরও বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নাক-মুখ ফোলা ছিল। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
