
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ)। সংগঠনটির উদ্যোগে কুরবানির মাংস বিতরণ, সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপন এবং গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী পরিচালিত এই কর্মসূচির প্রথম পর্বে উপজেলার বেলতলি এলাকায় ৩০ জন অসহায়, দুস্থ ও প্রবীণ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। পরে মাটিয়ান গ্রামে আব্দুল মমিনের পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে একটি নতুন টিউবওয়েল স্থাপন করে দেওয়া হয়।
এছাড়া মাটিয়ান সোনারপাড়া গ্রামে মকবুল হোসেনের বিধবা স্ত্রীর জন্য একটি নতুন ঘর নির্মাণ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। একই দিনে বিষ্ণুপুর গ্রামের আরও একটি অসহায় পরিবারের কাছেও নতুন একটি ঘর উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম শওকত উল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় মানবতা। সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত।”
জমিদাতা পরিবারের পক্ষ থেকে বক্তারা বলেন, “মানুষের জন্য কিছু করতে পারার মধ্যেই প্রকৃত শান্তি নিহিত। অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ)-এর পরিচালক আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আকবর আলী, সদস্য আপেল মাহমুদ, ফজলুর বারী, সাজ্জাদুর ইসলাম, ফায়ার সার্ভিস কর্মী রাকিবুল হাসান, হুমায়ুন, রিমন, রিফাত, নুহ, খোকন, জাকির, ইউসুফ ইশরাফিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে স্থানীয় বাসিন্দারা সিডিএফের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।
মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপনকারী এই উদ্যোগের মাধ্যমে ঈদুল আজহার আনন্দ অসহায় মানুষের ঘরেও পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
