
শেরপুরের নালিতাবাড়ীতে মানবসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ‘আলেপ আলী ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।
ওয়ার্ড বিএনপি নেতা উসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলেপ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, তরুণ সমাজসেবক উবায়দুল ইসলাম সোহাগ। তিনি বলেন, মানবসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আলেপ আলী ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন (ভিপি)।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা ও নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম. এ. রায়হান এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির।
এ সময় আরও বক্তব্য দেন শেরপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি শাহীন আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াজায়েজ মোহাম্মদ কালিমুল্লাহ, সমাজসেবক রবিউল আলম ইউসুফ এবং সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দরবেশ আলী মণ্ডল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উমর ফারুক, ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফিরোজ আলম, ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন লিটন, উপজেলা শ্রমিক দলের নেতা ছফর উদ্দিনসহ নালিতাবাড়ী উপজেলা ও ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে আলেপ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়নের ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি একাডেমি এবং ১১টি কওমি ও নুরানি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সৌরবিদ্যুৎচালিত অধ্যয়ন ল্যাম্প বিতরণ করা হয়।
এ ছাড়া ইউনিয়নের ৪২টি মসজিদ, ২টি মন্দির ও ১টি গির্জায় আর্থিক সহায়তা, ৯টি ওয়ার্ডের ক্লাবে জার্সি ও ফুটবল, ৪টি দরিদ্র ও অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন, বিভিন্ন সড়কে ৪৫ ট্রলি বালু ভরাট, ৫টি সাঁকো নির্মাণ এবং ৭ জন শিক্ষার্থীকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করতে আলেপ আলী ফাউন্ডেশন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
